কাটমানি নিলেই সোজা জেল! বাগুইআটিতে বিধায়ক ও আইসির যৌথ হুংকারে শোরগোল

বার্তা ডেস্কঃ

বাগুইআটি: বিধাননগর পৌরনিগম এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজে কাটমানি বা তোলাবাজি রুখতে একযোগে কড়া পদক্ষেপ নিলেন স্থানীয় বিধায়ক ও পুলিশ প্রশাসন। সরকারি কাজের স্বচ্ছতা ফেরাতে এবং তোলাবাজি সংস্কৃতি বন্ধ করতে পৌরসভার ৬০ জন ঠিকাদারকে ডেকে এক বিশেষ বৈঠক করেন আইনজীবী তথা রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই ঠিকাদারদের স্পষ্ট ও কড়া বার্তা দেওয়া হয়।

আইসি ও বিধায়কের কড়া অবস্থান
বাগুইআটি থানা এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত এই বৈঠকে বিধায়ক জানান, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল সরবরাহ কিংবা আলোকায়নের মতো পৌরনিগমের কোনো কাজেই আর কাটমানি বা তোলা দেওয়া-নেওয়া বরদাস্ত করা হবে না। এতদিন কাটমানি ছাড়া ফাইল না নড়ার যে অভিযোগ ছিল, তা আর চলতে দেওয়া হবে না বলে জানান তিনি।

বৈঠকে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বলেন:

“এ টাকা আমজনতার ও করদাতাদের। একজন গরিব মানুষ আমূল দুধের প্যাকেট কিনলেও তিনি ইনডাইরেক্ট ট্যাক্স দেন। তাই মানুষের টাকায় মানুষের কাজের মান বজায় রাখতে হবে। নিয়ম অনুযায়ী পেমেন্ট পাবেন, কিন্তু কাজের গুণগত মানের জায়গায় কোনো আপস হবে না। গোলমাল করলেই কড়া ব্যবস্থা।”

কাটমানি নিলেই সোজা জেল
একই সঙ্গে বাগুইআটি থানার আইসি (IC) তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, কাটমানি বা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে সরাসরি আইনি ব্যবস্থা ও জেল হতে বাধ্য।

জনপ্রতিনিধি ও প্রশাসনের এই যৌথ ও কড়া অবস্থানে বর্তমানে বিধাননগর পৌর এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *