মমতার কনভয়ে হামলা! ৪৮ ঘণ্টা পরেও কেন অধরা অভিযুক্তরা?
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। জেড প্লাস নিরাপত্তা বলয় ভেঙে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, ইট-পাটকেল ও জুতো ছোড়ার পাশাপাশি চরম হেনস্থা করার অভিযোগ উঠেছে একদল বিক্ষোভকারীর বিরুদ্ধে। এই ঘটনার তীব্র রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, রাজ্য বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে এর তীব্র নিন্দা জানিয়েছে। বিজেপি নেতারা স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে এই ধরনের অসভ্যতা বাংলার সংস্কৃতি নয়।
এদিকে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। পর্যাপ্ত পুলিশি মোতায়েন ও কঠোর নিরাপত্তার মধ্যে এমন ঘটনা ঘটার পর প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, অপরাধীদের বিরুদ্ধে কি কেবল মৌখিক নিন্দা জানিয়েই দায় সারবে প্রশাসন, নাকি দ্রুত কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে? এই ঘটনার জেরে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে প্রশাসন।