ভুল সময়ে কলা খাচ্ছেন না তো, ডেকে আনছেন বড় বিপদ!
বার্তা ডেস্কঃ
সুপারফুড হিসেবে কলার পুষ্টিগুণের শেষ নেই, তবে ভুল সময়ে এই ফল খেলে উপকারের পরিবর্তে উল্টো ফল হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে কলা খেলে রক্তে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও শর্করার মাত্রা হঠাৎ ওঠানামা করে, যা হজমে ব্যাঘাত ঘটায়। অন্যদিকে, রাতে মেটাবলিজম ও হজম প্রক্রিয়া ধীর থাকায় কলা খেলে হজমের গণ্ডগোল ও কফ-সর্দির সমস্যা দেখা দিতে পারে। তাই পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, সকাল ১০ থেকে ১১ টার মধ্যে অর্থাৎ ব্রেকফাস্টের এক থেকে দুই ঘণ্টা পর কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বেশি উপকারী।
প্রাকৃতিক শর্করা, কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ কলা সঠিক সময়ে খেলে শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ হয়, যা দুপুর পর্যন্ত ক্লান্তি দূর করতে সাহায্য করে। এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয় এবং প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে পাকস্থলীর অ্যাসিড প্রশমিত করে। পটাশিয়ামের গুণে ভরপুর এই ফল বুক জ্বালাপোড়া ও পেট ফাঁপা দূর করার পাশাপাশি রক্তচাপ স্বাভাবিক রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে দারুণ ভূমিকা পালন করে।