আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, বারুইপুরে পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ ও ডিম হামলা!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে আবাস যোজনার ঘর বণ্টনে অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটে গেল। মঙ্গলবার সকালে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের পক্ষ থেকে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি চরম আকার ধারণ করলে পঞ্চায়েতের এক সরকারি কর্মচারীকে লক্ষ্য করে এলোপাথাড়ি ডিম ছুড়ে মারার অভিযোগ ওঠে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় চত্বরে এবং খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের জোরালো দাবি, প্রকৃত দরিদ্র ও গৃহহীন মানুষের পরিবর্তে শাসকদলের প্রভাব খাটিয়ে স্বচ্ছল ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফ থেকে নতুন করে সার্ভের নির্দেশ দেওয়া থাকলেও কল্যাণপুর পঞ্চায়েতের চরম গাফিলতিতে কোনো সঠিক পুনর্বিবেচনা করা হয়নি। এর ফলে গরিব মানুষ তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে এই ঘটনার জেরে গোটা এলাকায় থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।