কেশপুরের ক্ষুদিরাম স্মরণসভায় তুলকালাম, বিধায়ক শিউলি সাহাকে ঘিরে চরম বিক্ষোভ!
বার্তা ডেস্কঃ
বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে কেশপুরের মোহবনিতে আয়োজিত সরকারি স্মরণ অনুষ্ঠান ঘিরে ছড়াল তীব্র উত্তেজনা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানে মঞ্চে স্থানীয় বিধায়ক শিউলি সাহার নাম ঘোষণা হতেই দর্শকাসনের একাংশ থেকে ধেয়ে আসে ‘গো ব্যাক’ স্লোগান। উন্নয়নমূলক কাজ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা প্রকাশ্যেই এই বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের জেরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিধায়ক শিউলি সাহা।
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে, এই অনুষ্ঠানেই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ভিটে সংস্কারের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহবনিতে ক্ষুদিরাম বসুর বাসভবনে সংগ্রহশালা, গ্যালারি ও লেজার শো তৈরির পাশাপাশি গবেষকদের থাকার ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছে। এই সমস্ত কাজের জন্য মোহবনি উন্নয়ন বোর্ডকে ৫ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে জনপ্রতিনিধিকে ঘিরে এমন বিক্ষোভের ঘটনায় স্থানীয় রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।