নেতাজির অপমান মানবে না বাংলা, বিজেপিকে তুলোধোনা কুণাল ঘোষের!
বার্তা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে লাগাতার আসাম্মান করার অভিযোগে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করতে মঙ্গলবার সকালে উত্তর কলকাতার ঐতিহাসিক শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জড়ো হন তৃণমূল নেতৃত্ব। সেখানে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন ও বিশিষ্ট আইনজীবী তথা নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
শ্যামবাজারের পাদদেশ থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করে কুণাল ঘোষ অভিযোগ করেন, নেতাজির মতো মহানায়ককে যারা অপমান করছেন, সেই দল ও অভিযুক্তদের অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তিনি তোপ দাগেন যে, বিজেপি নেতৃত্ব এই ঘটনায় কোনো ধরনের নিন্দা বা সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে পরোক্ষভাবে প্ররোচনা ও প্রশ্রয় দিয়ে চলেছে। বাংলার অহংকার ও জাতীয় বীরকে নিয়ে চলা এই অবমাননার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক প্রতিবাদ আরও জোরালো করার হুঙ্কার দিয়েছে ঘাসফুল শিবির।