নন্দীগ্রামের বুকে সাড়া ফেলে দিল আধুনিক ওয়াটার মেট্রো!
বার্তা ডেস্কঃ
রাজ্যের জলপথ যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে এবার নন্দীগ্রামে শুরু হলো বহুল প্রতীক্ষিত ওয়াটার মেট্রোর ট্রায়াল। মঙ্গলবার সকালে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের একটি অত্যাধুনিক জলযান নন্দীগ্রাম জেটি ঘাটে এসে পৌঁছয়। হলদিয়া ফেরিঘাট থেকে রওনা দিয়ে সাদা-নীল রঙের এই জলযানটি নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাটে পৌঁছানোর পর স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। পরিবেশবান্ধব, দ্রুত ও নিরাপদ এই গণপরিবহন ব্যবস্থা চালু হলে নদীপথে যাতায়াত আরও অনেক বেশি সহজ ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, হলদিয়া উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পের ট্রায়াল পর্ব সফলভাবে সমাপ্ত হলেই খুব শীঘ্রই নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে। এর ফলে নন্দীগ্রাম ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে নদীকেন্দ্রিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে বর্তমানে ট্রায়াল পর্ব চলায় যাত্রী ভাড়া কিংবা নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।