আদানির মামলা খারিজ মার্কিন আদালতে! মোদির বিরুদ্ধে বিস্ফোরক রাহুল, দেশ কি বড় বিপদে?
বার্তা ডেস্কঃ
মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া খারিজ হওয়ার পরই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাধারণ মানুষের চোখের আড়ালে যা দেখা যাচ্ছে, তার চেয়ে অনেক বেশি গভীর ও ভয়াবহ। মার্কিন বিচার দপ্তরের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী হুশিয়ারি দিয়েছেন যে, এর ফলে ভারতকে আগামী দিনে অত্যন্ত চড়া মূল্য চোকাতে হবে।
উল্লেখ্য, নিউ ইয়র্কের ব্রুকলিন জেলা আদালতে আদানির সংস্থার বিরুদ্ধে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। মার্কিন বিচার দপ্তরের মতে আন্তর্জাতিক এই মামলা প্রমাণ করা জটিল হওয়ায় তা প্রত্যাহার করা হয়। যদিও আদালত মামলা খারিজ করার সময় স্পষ্ট করেছে যে অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন ছিল না। এই পুরো ঘটনায় ভারতের রাজনৈতিক অঙ্গনে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।