স্পিকারের কাছে অভিষেকের কড়া হুঁশিয়ারি, সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি ঘিরে শোরগোল!
বার্তা ডেস্কঃ
তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদের পদ খারিজের দাবিতে ফের লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সৌগত রায়, কীর্তি আজাদ ও প্রতিমা মণ্ডলকে সঙ্গে নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করেন তিনি। অভিষেকের অভিযোগ, মুখে দল বদলের কথা বললেও সংসদে ওই সাংসদদের নামের পাশে এখনও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা থাকছে। এমনকি তাঁদের আসন পরিবর্তন করে বিজেপিমুখী দলবদলুদের পাশে বসানো হয়েছে। সংসদের দশম তফসিল কার্যকর করে অবিলম্বে এই সাংসদদের পদ বাতিলের জোরালো দাবি তুলেছেন তিনি।
নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকার এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। বিচারবিভাগীয় নির্দেশ অনুযায়ী আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি জরুরি বলে মত তাঁর। তবে অভিষেকের এই আইনি হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলবদলকারী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার বিষয়ে স্পিকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বলে দাবি করে তিনি পাল্টা কটাক্ষ করেছেন যে, এ ধরনের মন্তব্য যাঁরা করছেন, তাঁদের সংসদীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান অত্যন্ত সীমিত।