দলত্যাগীদের নিয়ে চরম হুঁশিয়ারি অভিষেকের, সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড়!
বার্তা ডেস্কঃ
সংসদে আসন বণ্টন এবং দলবদলু সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি স্পষ্টভাবে জানান, সংবিধানের আইন অনুযায়ী স্পিকার নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ, যেসব সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করে নির্বাচনে জিতেছেন, অথচ বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন করছেন—সংসদে তৃণমূলের আসন পরিবর্তন করে তাঁদের পাশে বসানো হয়েছে। এমনকি সংসদে ডিজিটাল স্ক্রিনে এখনও তাঁদের তৃণমূলের সদস্য হিসেবেই দেখানো হচ্ছে এবং তাঁরা বক্তব্য রাখলে তৃণমূলের জন্য বরাদ্দ সময় থেকে তা কেটে নেওয়া হচ্ছে। অথচ তাঁদের পৃথক দল বা গোষ্ঠী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, সংবিধানের দশম তফসিল বা দলত্যাগ বিরোধী আইনের আওতায় ওই সাংসদদের পদ খারিজের জন্য গত জুন মাসেই লোকসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রায় দু’মাস কেটে গেলেও স্পিকার কোনো সন্তোষজনক পদক্ষেপ নেননি। এছাড়া সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন পুনর্বিবেচনা এবং আসন বিন্যাসের বিষয়ে একাধিকবার লিখিত ও মৌখিক অনুরোধ জানালেও কোনো কাজ হয়নি।
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এই ধরনের আবেদনের নিষ্পত্তির জন্য স্পিকারের নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়সীমার মধ্যে কোনো নিষ্ক্রিয়তা বজায় থাকলে তৃণমূল বিচার পেতে দেশের শীর্ষ আদালতের পথেই হাঁটবে।