ম্যালেরিয়ার প্রকোপে কাঁপছে কোচবিহার, আপনি কি সুরক্ষিত?
বার্তা ডেস্কঃ
কোচবিহার জেলাজুড়ে ক্রমশ থাবা বসাচ্ছে ম্যালেরিয়া রোগ। চলতি বছরে গত সাত মাসের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেকটাই বেশি। স্বাস্থ্যদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, শুধুমাত্র কোচবিহার-১ ব্লকেই আক্রান্তের সংখ্যা সর্বাধিক ১৫ জন। এছাড়া কোচবিহার-২ ব্লকে ৬ জন, তুফানগঞ্জ-১ ব্লকে ৯ জন, তুফানগঞ্জ-২ ব্লকে ৭ জন এবং মাথাভাঙা-২ ব্লকে ৮ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন। দিনহাটা, সিতাই, শীতলকুচি ও চ্যাংরাবান্ধা অঞ্চলেও এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখনও পর্যন্ত কোচবিহার শহর সহ জেলার কোনো পুরসভা এলাকায় ম্যালেরিয়ার সংক্রমণ ছড়ায়নি।
পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্যদপ্তর বিশেষ তৎপরতা শুরু করেছে। জেলার পাঁচশোরও বেশি উপস্বাস্থ্য কেন্দ্রে ম্যালেরিয়া নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট আসা রোগীদের দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল কিংবা মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে। গুরুতর ক্ষেত্রে আক্রান্তদের স্থানান্তরিত করা হচ্ছে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে। সংক্রমণ প্রতিরোধ করতে জেলা ও ব্লক স্তরে ইতিমধ্যেই বিশেষ সার্ভিলেন্স টিম নামানো হয়েছে বলে জানা গেছে।