খড়দহ থানায় রণক্ষেত্র, আদালতের পথে নির্মল ও সঞ্জীবের দিকে ধেয়ে এল জুতো ও ডিম!
বার্তা ডেস্কঃ
শুক্রবার সকালে খড়দহ থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে তোলার সময় চরম জনরোষের মুখে পড়েন অভিযুক্ত নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়। কঠোর পুলিশি বেষ্টনী এবং র্যাফের উপস্থিতি সত্ত্বেও বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে একের পর এক ডিম, কাদা, চটি ও জুতো ছুঁড়তে শুরু করে। সেই সময় পুরো চত্বরজুড়ে “চোর-চোর” স্লোগান উঠতে থাকে। পুলিশের কড়া নিরাপত্তাবলয় ও চরম তৎপরতার কারণে কোনোমতে তাঁদের প্রিজন ভ্যানে তুলে আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৯ আগস্ট রাতের ঘটনার নেপথ্য আসল উদ্দেশ্য জানতে এবং কোন ওপরমহলের নির্দেশে মৃতদেহ সৎকার করা হয়েছিল তা স্পষ্ট করতে অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ওড়িশা থেকে গ্রেফতার হওয়া নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে ম্যারাথন জেরা করতে চায় তদন্তকারীরা। এছাড়া এই পুরো ঘটনার সঙ্গে যুক্ত তৃতীয় অভিযুক্ত সোমনাথ দে-র খোঁজ পেতেও জোরকদমে তল্লাশি অভিযান চলছে।