উত্তমকুমারের শতবর্ষে তারকাহাট! দেবের অনুপস্থিতি নিয়ে রুদ্রনীলের বিস্ফোরণ, কী ঘটল বৈঠকে?
বার্তা ডেস্কঃ
বাঙালির সাংস্কৃতিক আবেগ মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ ঘিরে বছরভর বর্ণাঢ্য উদযাপনের পরিকল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এক বিশেষ আলোচনাসভায় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, একাধিক বিজেপি বিধায়ক এবং মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, মমতা শঙ্কর ও রাজ চক্রবর্তীর মতো টলিউডের প্রথম সারির তারকারা। শুধু কলকাতা নয়, রাজ্যজুড়ে এবং বিদেশেও মহানায়কের জন্মশতবার্ষিকী বড় পরিসরে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তবে এই মেগা তারকাসমাবেশে অভিনেতা দেবের অনুপস্থিতি নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। দেবের না থাকা প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ স্পষ্ট জানান, আমন্ত্রণ জানানো সবাই উপস্থিত থাকলে ভালো হতো। রাজনৈতিক খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “আমাদের তো আগের সরকারের মতো নিয়ম নেই যে অনুষ্ঠানে যেতেই হবে।” অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিষয়টি সামলে জানান, কাজের ব্যস্ততার কারণেই অনেকে উপস্থিত হতে পারেননি। উত্তরোত্তর কর্মসূচির মাধ্যমে উত্তমকুমারের কোটি কোটি অনুরাগী এই উদযাপনে যুক্ত থাকবেন।