সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে চরম হুমকি দিলেন শাহবাজ!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ইসলামাবাদে আয়োজিত ‘ইয়াদগার-এ-ফাতেহ’-এ ভাষণ দেওয়ার সময় ভারতের বিরুদ্ধে কড়া সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি জানান, পাকিস্তানের জন্য দেশের জল সম্পদ একটি ‘রেড লাইন’ এবং এতে কোনো আপস করা হবে না। ভারত অবস্থান না বদলালে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত এই জল চুক্তি স্থগিত করে। পরবর্তীতে মে মাসে ভারতীয় সেনা ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। শাহবাজ শরিফ দাবি করেন, ওই মে মাসের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মধ্যস্থতার দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, যুদ্ধবিরতি কেবল দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই অর্জিত হয়েছে।
ভাষণের শেষভাগে শাহবাজ চিন, সৌদি আরব ও তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাদের এই পারস্পরিক সম্পর্ককে আঞ্চলিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।