নেতাজি থাকলে অন্যরকম হতো ইতিহাস! অনন্তের মন্তব্যে মুখ খুললেন শমীক

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তীব্র ক্ষোভের মুখে পড়ে রাজ্য সরকার ইতোমধ্যে তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করেছে। পাশাপাশি, বিতর্কিত পোস্ট ছড়ানোর অভিযোগে অনন্ত মহারাজের এক অনুগামীকেও পুলিশ গ্রেফতার করেছে।

পরিস্থিতি জটিল হতেই দলের অবস্থান স্পষ্ট করতে ময়দানে নামেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নেতাজি প্রতিটি জাতীয়তাবাদী মানুষের হৃদয়ে অবস্থান করেন। তিনি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু সে সময় থাকলে এভাবে দেশীয় ক্ষমতা হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে নেতাজির সম্মান সব কিছুর ঊর্ধ্বে।”

জনগণের আবেগাহত হওয়া প্রসঙ্গে তিনি জানান, সাধারণ মানুষের অনুভূতি আঘাতপ্রাপ্ত হলে পার্টি তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সাংসদ বা বিধায়কদের এই ধরনের মন্তব্যের বিচার দলের সংসদীয় বোর্ডের হাতে রয়েছে এবং শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, এই ঘটনায় অনন্ত মহারাজের বিরুদ্ধে ইতোমধ্যে ৬টি এফআইআর দায়ের হয়েছে এবং তাঁর আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি সরিয়ে ফেলা হয়েছে। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে তাঁর অনুগামী কিরণকুমার দাস গ্রেফতার হওয়ার পর, জল কোন দিকে গড়ায় এবং রাজ্য বিজেপি তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *