১৫ বছর পর বদল প্রথা! স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর পরেই কি ভাষণ দেবেন শুভেন্দু?
বার্তা ডেস্কঃ
বদলের বাংলায় স্বাধীনতা দিবস উদযাপনে এবার এক অভূতপূর্ব পরিবর্তন দেখতে চলেছে রাজ্যবাসী। দীর্ঘ ১৫ বছর পর আবারও ১৫ আগস্ট উদযাপিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর বিশেষ ভাষণের মাধ্যমে। বিজেপি সূত্রে খবর, রাজ্য বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল, যা তিনি সানন্দে গ্রহণ করেছেন।
আগামী শনিবার, ১৫ আগস্ট দূরদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরপরই প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণ। বৃহস্পতিবারই তাঁর এই ভাষণটি রেকর্ড করে নেওয়া হয়েছে।
দলীয় সূত্রের খবর, নতুন সরকার গঠনের পর এটাই মুখ্যমন্ত্রীর জন্য রাজ্যবাসীর কাছে সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনা পৌঁছে দেওয়ার সেরা সুযোগ। গত ১৫ বছর ধরে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসে এই ধরনের কোনও নির্দিষ্ট প্রথাগত বার্তা দেওয়ার পথে হাঁটেননি। তবে বিজেপি নেতৃত্ব চায়, অন্যান্য রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও এই ঐতিহ্য ফের চালু হোক।
বিজেপি নেতৃত্বের যুক্তি, ক্ষমতায় আসার পর নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। কর্মসংস্থান, শিল্পায়ন, পরিকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে আগামী পাঁচ বছর নতুন প্রশাসন কীভাবে এগোবে, তার রূপরেখা তুলে ধরার জন্য এই ঐতিহাসিক দিনটিই সবচেয়ে উপযুক্ত। এটি কেবল একটি সাধারণ শুভেচ্ছাবার্তা নয়, বরং নতুন সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক দর্শনের এক গুরুত্বপূর্ণ প্রতিফলন হতে চলেছে।