জেন জি মানেই লাগামহীন অপচয়? চাঞ্চল্যকর পরিসংখ্যানে বড়দের গালে সপাটে চড়!

বার্তা ডেস্কঃ

আজকের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’ মানেই কি কেবল অহেতুক বাজে খরচ আর বিলাসিতা? প্রবীণদের এই সনাতন ধারণাকে এক লহমায় দুমড়ে-মুচড়ে দিল সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট। ‘স্যালারি সে’ নামক একটি সংস্থার ৫ লক্ষেরও বেশি কর্মরত জেন জি-র ইউপিআই লেনদেনের ওপর ভিত্তি করে তৈরি এই রিপোর্টে উঠে এসেছে এক অবাক করা সত্য। দেখা যাচ্ছে, অপচয় নয়, বরং অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গেই নিজেদের উপার্জিত অর্থ ব্যয় করছেন ভারতীয় তরুণ-তরুণীরা। সমীক্ষা অনুযায়ী, জেন জি-র মাসিক খরচের সবচেয়ে বড় অংশ অর্থাৎ ২০ শতাংশই ব্যয় হয় বাড়িভাড়া ও বিদ্যুৎ বিলের মতো নিত্যপ্রয়োজনীয় মেটাতে।

এছাড়া দৈনন্দিন চাল-ডাল ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় যায় ১৬ শতাংশ অর্থ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, অনর্থক খরচের বদলে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আয়ের ১২ শতাংশ টাকা তারা বিনিয়োগ কিংবা বিমা পরিষেবায় কাজে লাগাচ্ছেন। পোশাক কেনাকাটা ও বাইরে খাওয়াদাওয়ার মতো শখের ক্ষেত্রে তাদের খরচের হার যথাক্রমে ১১.৯ ও ১১.৫ শতাংশ। সমীক্ষা স্পষ্ট করে দিয়েছে যে, তরুণদের মোট খরচের ৭০ শতাংশই যায় আবশ্যিক পাঁচ খাতে, যাকে কোনোভাবেই ‘অপচয়’ বলা চলে না। ডিজিটাল পেমেন্ট ও অটো-পে ব্যবস্থার ওপর ভরসা রাখা এই প্রজন্ম যে যথেষ্ট বিচার-বিবেচনা করেই টাকা খরচ করে, তা এই রিপোর্টে প্রমাণিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *