১৬ অগস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত, আধার থাকলেই মিলবে ৫ লক্ষ টাকার চিকিৎসা!

বার্তা ডেস্কঃ

রাজ্যে আগামী ১৬ অগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। শুক্রবার স্বাস্থ্য ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সহ দফতরের পদস্থ আধিকারিকরা। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবে। শুধু তাই নয়, হাসপাতালে কোনো আলাদা কার্ড নয়, কেবল আধার কার্ড দেখালেই মিলবে তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন। এছাড়া জটিল রোগের পুরোনো কভারেজ এবং ভর্তির আগের ও পরের চিকিৎসার খরচও এর অন্তর্ভুক্ত থাকবে।

কেন্দ্রীয় মাপকাঠির বাইরে থাকা পরিবারের জন্যও রাজ্য সরকার একই দিনে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ চালু করছে, যেখানেও সমপরিমাণ বার্ষিক ৫ লক্ষ টাকার সুবিধা মিলবে। বর্তমানে রাজ্যের মোট ১,৯৩০টি হাসপাতাল এই প্রকল্পের আওতায় এসেছে। বেসরকারি হাসপাতালগুলির অনিয়ম রুখতে প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা করবে স্বাস্থ্য ভবনের বিশেষ নোডাল টিম। দীর্ঘ প্রতীক্ষার পর এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার ও ছয় কোটি মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *