রাতে ঘুঙুরের আওয়াজ আর কান্নার রোল! ভূতের আতঙ্কে হস্টেল ছাড়ল ছয়শো পড়ুয়া

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের অমরাবতী জেলার একটি সরকারি হস্টেলে আলৌকিক আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে রাত নামলেই হস্টেলের বিভিন্ন প্রান্ত থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসার অভিযোগ তোলেন পড়ুয়ারা। কোথাও ঘুঙুরের টুংটাং আওয়াজ, আবার কোথাও হাড় হিম করা হাসি কিংবা ডুকরে কান্নার শব্দে আতঙ্ক গ্রাস করে সকলকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হস্টেলে থাকার সাহস হারিয়ে একে একে বাড়ি ফিরে যায় ২৬৩ জন ছাত্র এবং ৩৩৫ জন ছাত্রীসহ মোট ছয়শোরও বেশি পড়ুয়া।

এই গণ-আতঙ্কের নেপথ্যের প্রকৃত কারণ খুঁজতে তৎপর হন স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক সঞ্জয় চৌধুরী জানান, আতঙ্কিত ছাত্রীদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে কাউন্সেলিং করানো হয়। চিকিৎসকদের মতে, পড়ুয়াদের এই অদ্ভুত আচরণের পিছনে কোনো অলৌকিক শক্তি নেই, বরং তীব্র মানসিক চাপ বা সিভিয়ার হিস্টেরিয়া কাজ করছে। বর্তমানে আতঙ্ক কাটানোর পাশাপাশি পড়ুয়াদের নিয়মিত মানসিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *