রেলের টিকিট কাটার ঝক্কি শেষ, চোখের পলকেই করুন বুকিং!

বার্তা ডেস্কঃ

রেল টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করতে এক যুগান্তকারী পদক্ষেপে নতুন ‘বিটা ভার্সন’ চালু করল রেল মন্ত্রক। পুরনো ওয়েবসাইটে ধীরগতি, লগইন সমস্যা ও পেমেন্ট আটকে যাওয়ার মতো দীর্ঘদিনের অভিযোগ মেটাতেই এই আধুনিকীকরণ করা হয়েছে। রাত ৯টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা এই পোর্টালে যুক্ত হতে পুরনো ওয়েবসাইটের হোমপেজেই মিলবে সরাসরি লিঙ্ক। নতুন বিটা সংস্করণ চালু হলেও পুরনো আইআরসিটিসি ওয়েবসাইটটি এখনই বন্ধ হচ্ছে না, দুটি সাইটই পাশাপাশি সক্রিয় থাকবে।

নতুন এই বিটা ভার্সনে বাদ দেওয়া হয়েছে বিরক্তিকর ক্যাপচা, বিজ্ঞাপনের পপ-আপ ও অতিরিক্ত গ্রাফিক্স, ফলে পেজ লোড হবে মুহূর্তেই। এখন থেকে এক নজরেই এক পাতায় দূরপাল্লার ট্রেনের সব ক্লাসের ফাঁকা আসন দেখা যাবে। পাশাপাশি সাবলীল চেকআউট, দ্রুত পেমেন্ট পদ্ধতি এবং যাত্রীদের ব্যক্তিগত তথ্য নিরাপদে সেভ রাখার সুবিধাও যুক্ত হয়েছে। ২০০২ সালে শুরু হওয়া এই পোর্টালে বর্তমানে দৈনিক সাড়ে ১৪ লক্ষ টিকিট বুক হয়। যাত্রীদের থেকে পাওয়া ফিডব্যাকের ভিত্তিতেই পরবর্তীতে পূর্ণাঙ্গ সংস্করণে আরও নতুন সুবিধা আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *