৪০ কিমি হেঁটে এসে আবার সেনসাস, শিক্ষকদের দুর্দশায় ক্ষুব্ধ হাইকোর্ট!
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের সেনসাস বা জনগণনার প্রস্তুতি শুরু হতেই শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। স্কুল ছুটির পর কিংবা ছুটির দিনে শিক্ষকদের সুমারির ডিউটিতে পাঠানোর নির্দেশিকার বিরুদ্ধে আদালতে মামলা হলে, এ দিন বিচারপতির তোপের মুখে পড়ে রাজ্য।
ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে। কলকাতা পুরসভার জনগণনা বিভাগ থেকে জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়, শিক্ষক-শিক্ষিকাদের সেনসাসের কাজ ও তার প্রশিক্ষণে যোগ দিতে হবে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, কলকাতার বহু স্কুলে ৪২ জন শিক্ষকের মধ্যে ৩৫ জনকেই এই প্রশাসনিক কাজে যুক্ত করা হয়। অথচ শিক্ষক সংকট এড়াতে প্রতিটি স্কুল থেকে সীমিত সংখ্যক কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, বহু শিক্ষক প্রতিদিন দূরদূরান্ত থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পড়াতে আসেন। ক্লাস নেওয়ার পর তাঁদের আবার এমন অতিরিক্ত কাজের চাপ দেওয়া কতটা যুক্তিযুক্ত? হাইকোর্টের পর্যবেক্ষণ, শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে এভাবে শিক্ষকদের সুমারির কাজে নামানোর বর্তমান পদ্ধতি সম্পূর্ণ অনুচিত। পঠনপাঠন ব্যাহত করে শিক্ষকদের এমন ব্যবহারে ক্ষোভ উগরে দিয়ে আদালত স্পষ্ট জানায়, এই প্রক্রিয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন পরবর্তী শুনানিতে হাইকোর্ট কী চূড়ান্ত নির্দেশ দেয়, সে দিকেই তাকিয়ে শিক্ষক মহল।