স্কুলের সিলেবাসে বড় চমক, নতুন পাঠ্যক্রমে কী থাকছে?

বার্তা ডেস্কঃ

রাজ্যের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে বড়সড় পরিবর্তন আনতে তৎপর হয়েছে স্কুল শিক্ষা দফতরের সিলেবাস কমিটি। আগামী শিক্ষাবর্ষের জন্য আধুনিক উপযোগী পাঠ্যপুস্তকের রূপরেখা চূড়ান্ত করতে তিন দিনের এক আবাসিক কর্মশালার আয়োজন করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যক্রম রূপরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে এই রদবদল ঘটানো হচ্ছে। বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের এই আলোচনায় শিক্ষার্থীদের অতিরিক্ত পড়ার চাপ ও মুখস্থ বিদ্যার প্রবণতা কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, শ্রেণিকক্ষের মানোন্নয়নের মাধ্যমে প্রাইভেট টিউশনের নির্ভরতা কমানোর লক্ষ্যও রয়েছে।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দল এই প্রক্রিয়া পরিচালনা করছে। চলতি মাসের মধ্যেই আলোচনা সেরে আগামী দু’মাসের মধ্যে খসড়া রিপোর্ট পেশ করা হবে। সময়মতো বই পৌঁছাতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই ছাপাতে পাঠাতে হবে। ১ ডিসেম্বরের মধ্যে বই তৈরি করে আগামী বছরের ২ জানুয়ারি রাজ্যের সব স্কুলে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। হাতে সময় কম থাকায় বড় ধরনের পরিবর্তনের পক্ষপাতী নয় কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *