নেই নিজস্ব স্টেডিয়াম, তবুও বিশ্বজয়ী! রূপকথার সফর শেষ করে ইতিহাস গড়ল এই হকি শক্তি
বার্তা ডেস্কঃ
নিজস্ব জাতীয় স্টেডিয়াম না থাকা সত্ত্বেও ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন ও টোকিওতে অলিম্পিক সোনা জিতে আন্তর্জাতিক হকিতে ইতিহাস গড়েছিল বেলজিয়াম। সাফল্যের বহু বছর পর অবশেষে পরিকাঠামোগত স্বীকৃতি পেল দলটি। সদ্য উদ্বোধন হওয়া ওয়াভরের বেলফিয়াস হকি এরিনাতে বসতে চলেছে আন্তর্জাতিক হকির মেগা আসর। একসময়ে সম্প্রচার ও প্রচারের দিক থেকে ব্রাত্য থাকা এই দেশটি নিজেদের অদম্য জেদ ও অসাধারণ পারফরম্যান্স দিয়ে আজ বিশ্বমঞ্চের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে।
বিশ্বকাপ ও অলিম্পিক জয়ের পর নিজেদের দেশে এই প্রথম বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত আলেকজান্ডার হেনড্রিক্স ও আর্থার ভ্যান ডোরেনদের মতো তারকারা। জার্মানি বা নেদারল্যান্ডসের মতো প্রতিবেশী দেশগুলির তুলনায় একসময় পিছিয়ে থাকা বেলজিয়াম হকি আজ বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। নতুন এই ১০ হাজার দর্শকাসনের স্টেডিয়ামটি বিশ্বকাপ শেষ হওয়ার পর স্থানীয় ক্লাব ও যুব দলের অনুশীলনের প্রধান কেন্দ্র হয়ে উঠবে, যা বেলজিয়াম হকির ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে।