স্বাধীনতা দিবসেই তুলকালাম, তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই হাওড়ায় চলল ‘ডিমথেরাপি’!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের সকালেই হাওড়ার রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়াল। পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তথা একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা শ্যামল মিত্রকে নিউটাউনের একটি গৃহপ্রবেশ অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। নির্বাচনের আগে এলাকায় গণ্ডগোল পাকানোর অভিযোগে দায়ের হওয়া একটি পুরনো মামলায় তাঁকে পাকড়াও করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে আদালতে তোলার জন্য বাইরে আনতেই থানার সামনে আছড়ে পড়ে তীব্র জনরোষ ও বিক্ষোভ।

পুলিশের কড়া নিরাপত্তার বলয় এড়িয়ে বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুধু তাই নয়, ধৃত নেতাকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। কোনোমতে পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ তাঁকে আদালতে নিয়ে যায়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসকশিবির বিরোধীদের দিকে আঙুল তুললেও, স্থানীয় বিজেপি নেতৃত্ব একে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই দাবি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *