পিতৃহারা মেসির পাশে কোচ, নীরবতাই এখন সেরা পথ!
বার্তা ডেস্কঃ
বাবার মৃত্যুর গভীর শোক কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওয় তাঁর বাবা হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সেরে মায়ামিতে ফিরে দলের সঙ্গে যোগ দেন এই মহাতারকা। আমেরিকার লিগ কাপে লিওনের বিরুদ্ধে বদলি হিসাবে মাঠে নামলেও, ৩-২ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। দলের পরাজয় ঘটলেও মাঠে মেসির প্রত্যাবর্তন কিছুটা স্বস্তি এনেছে সমর্থকদের মনে। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি এবং শনিবার মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে তাঁর ক্লাব।
তবে এই কঠিন সময়ে মেসিকে নিয়ে কোনো তাড়াহুড়োয় নারাজ ক্লাব ও কোচ গিলের্মো হোয়োস। তিনি সাফ জানিয়েছেন, এই মুহূর্তে নীরবতাই সর্বোত্তম পথ এবং আর্জেন্টাইন তারকাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। হোয়োস বলেন, গভীর শোকের মধ্যে থাকা মেসির পাশে থেকে তাকে শান্তিতে থাকতে দিতে হবে এবং চুপচাপ সমর্থন জুগিয়ে যেতে হবে। মাঠের পারফরম্যান্স বা ফলাফলের চেয়ে একজন অসাধারণ মানুষ ও ফুটবলারের পাশে দাঁড়ানোই এখন দলের প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তিনি।