লালকেল্লায় মোদীর মেগা ঘোষণা! ২০৪৭-এর ভারত গড়তে আসছে ‘সপ্তধারা’

বার্তা ডেস্কঃ

৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীকে এক নতুন পথদিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য সামনে রেখে তিনি ঘোষণা করেছেন ‘শক্তির সপ্তধারা’। দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই সাতটি মূল ক্ষেত্র বা স্তম্ভের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই মাস্টারপ্ল্যানে স্থান পেয়েছে উৎপাদন বৃদ্ধি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন শক্তি, ‘গতি শক্তি’ বা দ্রুত যোগাযোগ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক শক্তি এবং ভারতের ঐতিহ্যবাহী ‘সফট পাওয়ার’। অর্থনীতির জোয়ার আনতে পরিবেশবান্ধব ‘গ্রিন ইকোনমি’ ও সমুদ্রনির্ভর ‘ব্লু ইকোনমি’-র ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সামরিক শক্তি ব্যবহার না করেই ভারতের যোগা, আয়ুর্বেদ ও পর্যটনের মতো ‘সফট পাওয়ার’ দিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রভাব আরও মজবুত করার ডাক দিয়েছেন মোদী। এর আগে ২০২২ সালে ‘পাঁচ প্রতিজ্ঞা’-র কথা বললেও, এবার শক্তির সপ্তধারাকে হাতিয়ার করেই ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ সরবরাহকারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। ভারত যেন কেবল আন্তর্জাতিক পণ্যের বাজার হিসেবে থেকে না যায়, বরং নিজস্ব অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা জোরদার করে বিশ্ববাজারে পৌঁছাতে পারে—এই বার্তা স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। এমনকি আগামী দিনে দেশে তৈরি ‘৬জি’ প্রযুক্তি দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *