ঋতব্রতর বিস্ফোরক প্রশ্ন! ১৭টি অফিসের ভাড়ায় ১ কোটি, কর্মীদের বেতনে ৫৩ লাখ?
বার্তা ডেস্কঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ১৭টি পার্টি অফিসের জন্য মাসে ১ কোটি টাকা ভাড়া এবং ২৫০ জন কর্মীর বেতনে ৫৩ লাখ ২৩ হাজার টাকা খরচ হয়। কপিল সিব্বলের এই তথ্যকে হাতিয়ার করেই কালীঘাট শিবিরকে কোণঠাসা করতে এবার সরব হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে কটাক্ষের সুরে তিনি প্রশ্ন তোলেন, তৃণমূলের এই ১৭টি পার্টি অফিস আদতে কোথায় অবস্থিত? রাজ্যের ভেতরে, বাইরে, নাকি বিদেশে কোনো সেন্টার রয়েছে, তা নিয়ে চরম বিস্ময় প্রকাশ করে বিষয়টি আদালতের মাধ্যমে আইনজীবীদের দিয়ে জানতে চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজেদের পার্টি অফিসের খরচ সর্বোচ্চ ১ লাখ টাকা উল্লেখ করে ঋতব্রত বাবু সন্দেহ প্রকাশ করেন, ২৫০ জন কর্মীর তালিকায় কোনো ‘ভুতুড়ে’ নাম ঢুকিয়ে অর্থ তছরুপ বা মানি লন্ডারিং করা হচ্ছে কিনা। একই সঙ্গে গত এক বছর ধরে কর্মীদের এই পরিমাণ অর্থই দেওয়া হয়েছে কিনা, তা নিয়েও বড়সড় প্রশ্ন তোলেন তিনি। সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন যে, আদালতে কেবল মুখে দাবি করলেই হবে না, খরচের সমস্ত তথ্যের সমর্থনে লিখিত এফিডেভিট জমা দিতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ ও আইনি পথেই এই অস্বাভাবিক খরচের উৎস অনুসন্ধান করা হবে বলে তিনি বার্তা দেন।