অরুণাচলে আচমকা ভয়াবহ বিপর্যয়, হড়পা বান ও ধসে মৃত ৪!
বার্তা ডেস্কঃ
টানা ভারী বৃষ্টি ও ধসে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে অরুণাচল প্রদেশ। সাম্প্রতিক এই দুর্যোগে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১০ জনেরও বেশি মানুষ। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে আপার সুবানসিরি জেলায়, যেখানে সড়কে ভয়াবহ ভূমিধস নেমে চাপা পড়ে মৃত্যু হয় ৪ জন শ্রমিকের। অন্যদিকে, দিবাং ভ্যালির পাসু জল এলাকায় হড়পা বানের তোড়ে সেনার দুটি আশ্রয়স্থল ভেসে গিয়ে চরম বিপত্তি ঘটে। সেখান থেকে দুই জওয়ানকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন সেনা সদস্য। তাঁদের খোঁজে দুর্গম এলাকায় সেনা, আইটিবিপি, পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে।
বর্তমানে রাজ্যজুড়ে যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যের অন্তত ২৩৫টি রাস্তা, ৪০টি সেতু এবং অসংখ্য পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বৃষ্টির কারণে পাহাড়ে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজ জওয়ানদের উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত জনজীবন স্বাভাবিক করাই এখন স্থানীয় প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।