দলীয় কার্যালয়ে সাবেক মন্ত্রীর রহস্যমৃত্যু! আত্মহত্যা নাকি গভীর চক্রান্ত?
বার্তা ডেস্কঃ
তৃণমূলের সাবেক মন্ত্রী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পাঁচবারের সাবেক এই বিধায়ককে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তবুও নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। দুর্নীতিমুক্ত ভাবমূর্তির এই বর্ষীয়ান নেতার আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহল যেমন স্তম্ভিত, তেমনই তাঁর অনুগামী ও স্থানীয় নেতৃত্ব অভিভাবক হারানোর বেদনায় মুহ্যমান।
ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে এটিকে ‘সামাজিক কলঙ্কের ভয়’ উল্লেখ করে বিজেপিকে দায়ী করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। অন্যদিকে, বিরোধী বিজেপি বিধায়কের দাবি, এই মৃত্যুর পেছনে পারিবারিক বা দলীয় কোনো চাপ থাকতে পারে, তাই অন্য সংস্থা দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। গত নির্বাচনে পরাজয়ের পর থেকেই তিনি কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।