এলপিজি গ্রাহকদের বড় স্বস্তি, ই-কেওয়াইসি করার সময় বাড়ল ২৩ অগাস্ট পর্যন্ত!
বার্তা ডেস্কঃ
গ্যাস ভর্তুকি চালু রাখতে এলপিজি (LPG) গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) জমা দেওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্র। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী ১৬ অগাস্টের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ থাকলেও, সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে মেয়াদ ২৩ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিল মোদী সরকার।
স্মার্টফোনের অভাব কিংবা অ্যাপে কারিগরি ত্রুটির কারণে অনেক গ্রাহকই নির্দিষ্ট সময়ে ই-কেওয়াইসি জমা দিতে পারছিলেন না। ভর্তুকি বন্ধ হওয়া এবং সিলিন্ডারের দাম অতিরিক্ত বৃদ্ধির আশঙ্কায় গ্রাহকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ১৫ অগাস্ট ছুটির দিনেও গ্যাস এজেন্সির অফিস খোলা রাখা হয়েছিল। একাধিক সূত্রের খবর, এখনও প্রায় ৫০ লাখ গ্রাহকের ই-কেওয়াইসি বাকি রয়েছে। তাই গ্রাহকদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
কীভাবে সম্পন্ন করবেন ই-কেওয়াইসি?
- অনলাইন পদ্ধতি: গ্রাহকরা নিজ নিজ গ্যাস কো ম্পা নির অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারেন। এর জন্য ফোনে ‘AadhaarFaceRD’ অ্যাপটি ডাউনলোড করে আধারভিত্তিক ফেসআইডি যাচাই করতে হবে।
- অফলাইন পদ্ধতি: যাঁরা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁরা আধার কার্ড নিয়ে সরাসরি নিকটস্থ গ্যাস ডিস্ট্রিবিউটর বা এজেন্সির অফিসে গিয়ে বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে ই-কেওয়াইসি জমা দিতে পারবেন।