আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিস্ফোরক মমতা, অভিযোগের আঙুল কার দিকে?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের আচমকা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে রামপুরহাটে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছ থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জীবনের শেষ দিনগুলিতে আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রবল রাজনৈতিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। বারবার অপমান ও মিথ্যা অভিযোগের শিকার হতে হয়েছিল বলেই এই মর্মান্তিক পরিণতি বলে দাবি করেন তিনি। শিক্ষকতা ও সমাজসেবার পাশাপাশি রামপুরহাটের উন্নয়নে তাঁর দীর্ঘকালীন অবদানের কথাও স্মরণ করেন তৃণমূল নেত্রী। ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা বিধায়ক থাকা আশিস বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হয়েছিলেন।
অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোকপ্রকাশ করেছেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে একজন ভদ্র ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করে তিনি জানান, তাঁর সঙ্গে ব্যক্তিগত ও সুসম্পর্ক ছিল। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশি তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।