হুগলি নদীতে ঝাঁকে ঝাঁকে মরা ইলিশ, বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত?
বার্তা ডেস্কঃ
ভোজনরসিকদের প্রিয় ইলিশের চড়া দাম যেখানে মধ্যবিত্তের নাগালে বাইরে, ঠিক তখনই চরম দুঃসংবাদ বয়ে আনল হুগলি নদী। নদীর পূর্ব ও পশ্চিম দুই পাড়েই ভেসে উঠছে শয়ে শয়ে মরা ইলিশ। নদী তীরবর্তী কাঁজিয়াখালি, রাঙামাটি, কালীনগর, জগদীশপুর, বাঁশতলা ও চেঙ্গাইলের মতো বিস্তীর্ণ এলাকায় খোকা ইলিশ থেকে শুরু করে এক কেজি ওজনের মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে। শুধু ইলিশই নয়, এর সাথে ভোলা, ট্যাংরা, চিংড়ি এবং চেঙো মাছেরও মড়ক দেখা দিয়েছে। এই অভূতপূর্ব দৃশ্য ছড়িয়ে পড়তেই নদীপাড়ের উলুবেড়িয়া, বাউড়িয়া ও ফুলেশ্বরের মৎস্যজীবী পরিবারগুলির কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। মৎস্য ব্যবসার সাথে জড়িত হাজার হাজার পরিবার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, কলকারখানার মারাত্মক দূষিত রাসায়নিক বর্জ্য জলে মেশাতেই এই বিপর্যয় ঘটেছে। ইলিশ অত্যন্ত সংবেদনশীল প্রাণী হওয়ায় জলের তাপমাত্রা ও লবণাক্ততার সামান্য পরিবর্তনেও প্রাণ হারায়। এর আগে ২০২০ সালের মার্চ মাসে হুগলি নদীতে এবং ২০২৫ সালের মে মাসে রূপনারায়ণ নদে একইভাব দূষণের কারণে মাছের মড়ক দেখা গিয়েছিল। তবে স্থানীয়দের দাবি, এবারের প্রাণহানির তীব্রতা পূর্বের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। পরিবেশকর্মী ও মৎস্যপ্রেমীদের মতে, গঙ্গানদীর বাস্তুতন্ত্র রক্ষা এবং বিপন্ন গাঙ্গেয় শুশুক ও টার্টেলদের বাঁচাতে অনতিবিলম্বে জলের বিষাক্ততার মাত্রা পরীক্ষা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি।