একশো দিনে বদলে গেল পশ্চিমবঙ্গ, চমকে ওঠার মতো সব প্রাপ্তি!
বার্তা ডেস্কঃ
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর দেখতে দেখতে ১০০ দিন পার করল বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম শতদিনের মেয়াদে সাধারণ মানুষের জন্য একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত এবং ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মাসিক তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান। পাশাপাশি, দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যে আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে বহুচর্চিত আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্য বিমা যোজনা। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে স্কুলগুলিতে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশাসনিক স্তরেও এসেছে বড় পরিবর্তন। ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংকে ফের মূল প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে এবং মিড-ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইসকনের হাতে। পাশাপাশি, সীমান্ত সুরক্ষার স্বার্থে বিএসএফ-কে জমি হস্তান্তর এবং বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় বিশেষ জোর দেওয়া হয়েছে। হাওড়ায় আমুলের দই কারখানা এবং পুরুলিয়ায় নতুন ইস্পাত প্রকল্পের শিলান্যাস রাজ্যের শিল্পায়নে নতুন আশার সঞ্চার করেছে। শতদিনের এই বহুমুখী কাজের মধ্য দিয়ে রাজ্যবাসীর জীবনযাত্রায় পরিবর্তনের হাওয়া লেগেছে।