ত্বিষা শর্মা মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়, ৬৩৬ পাতার চার্জশিটে ফাঁস ভয়ঙ্কর সব তথ্য!
বার্তা ডেস্কঃ
ভোপালের চাঞ্চল্যকর ত্বিষা শর্মা মৃত্যু মামলায় রহস্যের জট খুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার বিশেষ সিবিআই আদালতে জমা পড়া ৬৩৬ পাতার চার্জশিটে ত্বিষাকে খুনের অভিযোগ খারিজ করা হলেও, উঠে এসেছে মারাত্মক বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ। ভারতীয় ন্যায় সংহিতার পাশাপাশি যৌতুক বিরোধী আইনের একাধিক ধারায় ত্বিষার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, গর্ভস্থ সন্তানের বিষয়সহ সমর্থের ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনই ত্বিষাকে এই চরম পথ বেছে নিতে বাধ্য করেছিল।
প্রাথমিক তদন্তে পরিবার খুনের দাবি করলেও সিবিআই ফরেন্সিক ও ডিজিটাল তথ্যের ভিত্তিতে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবেই চিহ্নিত করেছে। ত্বিষার মৃত্যুর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোনের ডাটা এবং মায়ের সঙ্গে শেষ কথোপকথন পরীক্ষা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তদন্তকারীরা। অন্যদিকে, ঘটনার পর সিবিটিভি ফুটেজ সম্পাদনা ও তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে শাশুড়ি গিরিবালার ভূমিকা এবং তাঁর ৪৬টি সন্দেহজনক কল সিবিআইয়ের নজরে ছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার পর এবার এই হাই-প্রোফাইল মামলার চূড়ান্ত বিচার শুরু হতে চলেছে আদালতে।