রাইটার্স নয় নবান্ন অতীত, এবার রাজ্যের প্রশাসনিক দপ্তর সরছে নিউটাউনে!
বার্তা ডেস্কঃ
রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তর রাইটার্স বিল্ডিংসে ফেরার জল্পনা উড়িয়ে দিয়ে এবার নিউটাউনের দিকেই ঝুঁকছে নবান্ন। প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল করতে ৫৪টি দপ্তরকে একই ছাদের নিচে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য নিউটাউনের নজরুলতীর্থ মেট্রো স্টেশন সংলগ্ন প্রায় ১৭.২৮ একর জমি বাছা হয়েছে, যেখানে একসময় ‘দুর্গাঙ্গন’ তৈরির পরিকল্পনা ছিল। সব দপ্তর এক জায়গায় চলে এলে প্রশাসনিক কাজের সমন্বয় বাড়বে বলে মনে করছেন কর্তারা। আগামী তিন বছরের মধ্যে এই অত্যাধুনিক সচিবালয় তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০১৩ সালে রাইটার্স থেকে নবান্নে দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাইটার্সে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, বর্তমান পরিকল্পনা বলছে নিউটাউনই হতে চলেছে প্রশাসনিক কেন্দ্রবিন্দু। ছড়িয়ে ছিটিয়ে থাকা দপ্তরের কাজ সামলাতে কর্মীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বিধানসভা ভবন তৈরির পাশাপাশি প্রশাসনিক সদর দপ্তর নিউটাউনে আনলে সামগ্রিক কাজের গতি অনেক বাড়বে। চূড়ান্ত জমি নির্বাচনের ক্ষেত্রে প্রশাসন আরও বিকল্প খতিয়ে দেখছে।