১৭ লক্ষ আবেদন বাতিল! অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ফের সুযোগ কবে?
বার্তা ডেস্কঃ
রাজ্যের মেগা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা বন্টনের কাজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম ধাপে যোগ্য বিবেচিত ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রায় ৪,৩৫০ কোটি টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে নবান্ন। তবে এই খুশির খবরের মাঝেও বড় ধাক্কা এসেছে, কারণ নথি যাচাই বা স্ক্রুটিনির পর বিভিন্ন ত্রুটির কারণে প্রায় ১৭ লক্ষ আবেদনপত্র বাতিল করা হয়েছে। মূলত আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি সংযোগ না থাকা এবং আয়করদাতা বা সরকারি চাকরিজীবীদের আবেদন করার কারণে এই নামগুলি বাদ পড়েছে।
এদিকে, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে রাজ্য সরকার। আগামী ২০ অগস্ট থেকে সরকারি পোর্টালের ‘সোশ্যাল রেজিস্টার’ বিভাগে ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ মিলবে। সাধারণ মানুষের এই সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসন এবার ব্লক স্তরে বিশেষ ক্যাম্পের আয়োজন করতে চলেছে। পাশাপাশি, বাকি থাকা আবেদনগুলির যাচাই প্রক্রিয়া যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।