বাবাকে হারিয়েও টাকার লোভ নেই, দরকার বিচার আর উন্নত শিক্ষা!
বার্তা ডেস্কঃ
গ্রামের সরকারি স্কুলের ভাঙাচোরা পরিকাঠামো সংস্কারের লক্ষ্যে ‘স্কুল ঠিক করো’ আন্দোলন গড়ে তুলেছিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের কারিশুন্ডা গ্রামের যুবনেতা শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, শিক্ষার অধিকারের এই লড়াই স্তব্ধ করতে একটি সশস্ত্র দুষ্কৃতী দল পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায় এবং নির্মমভাবে কুপিয়ে খুন করে হাফিজের বাবাকে। মর্মান্তিক এই ঘটনার পর শোকস্তব্ধ পরিবারটি সরকারের আর্থিক ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করে বাবার স্মরণে গ্রামে একটি উন্নতমানের সরকারি স্কুল স্থাপন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে, খবর পেয়েও সুরক্ষা না দেওয়ার অভিযোগে স্থানীয় ইন্দাস থানার পুলিশের ভূমিকা নিয়েও চরম গাফিলতির অভিযোগ উঠেছে।
সোমবারে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে কারিশুন্ডায় পৌঁছায় ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি মূল অভিযুক্তদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং সরকারি স্কুল তৈরির দাবিতে প্রশাসনকে চার দফা দাবিপত্র পেশ করে। একই সঙ্গে তারা চরম হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বাঁকুড়া জেলা শাসকের (DM) দফতর ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।