২৮ অগস্টের প্রতিষ্ঠা দিবস ঘিরে হাইকোর্টে কালীঘাট শিবির, কী ঘটবে এবার?
বার্তা ডেস্কঃ
২১ জুলাইয়ের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ২৮ অগস্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরেও জটিলতা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রতিবছর শাসকদলের প্রধান দুটি কর্মসূচি পালনে অনুমতি সংক্রান্ত বিতর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং দলীয় বিভাজনের কারণে সভা-সমাবেশের আয়োজন ক্রমশ জটিল হয়ে উঠছে।
কালীঘাট শিবিরের আইনজীবী অর্ককুমার নাগ জানান, আগামী ২৮ অগস্ট কলকাতার ঐতিহ্যবাহী স্থানে সমাবেশ করার জন্য গত ২৭ জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। পরবর্তীকালে ৩ ও ৭ অগস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও অনুমতি না মেলায় বাধ্য হয়ে ১৪ অগস্ট হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে তারা। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার জরুরি শুনানির আর্জি জানানো হয়, যা আগামী বুধবারে শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, অতীতে শাসকদলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশি অনুমতির বাধা না থাকলেও, ২১ জুলাইয়ের শহিদ দিবসে ভিক্টোরিয়া হাউজের সামনে সভার অনুমতি মেলে নি। পরবর্তীতে আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে সভার আয়োজন করতে হয়েছিল কালীঘাট শিবিরকে। অপরদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী অংশটি পুলিশের অনুমতি নিয়ে পৃথক কর্মসূচি পালন করে। এবার ২৮ অগস্টের প্রতিষ্ঠা দিবস ঘিরে প্রশাসনিক ও দলীয় স্তরে জল্পনা চরমে পৌঁছেছে এবং রাজনৈতিক মহলের নজর এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকে।