মুখস্থ করার দিন শেষ, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণে বড় বদল আনছে রাজ্য!
বার্তা ডেস্কঃ
রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আনতে চলেছে বড়সড় পরিবর্তন। মুখস্থ-নির্ভর পড়াশোনার পাট চুকিয়ে এবার দক্ষতা ভিত্তিক বা স্কিল বেসড শিক্ষার ওপর বিশেষ জোর দিচ্ছে সরকার। জাতীয় শিক্ষানীতির অংশ হিসেবে এনসিইআরটি-র অধীনে ‘পরখ’ নামক একটি মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থার সঙ্গে শিক্ষকদের পরিচয় করাতে এবং তাদের সম্যক ধারণা দিতে সম্প্রতি বিদ্যাসাগর ভবনে পাঁচ দিনব্যাপী এক বিশেষ কর্মশালার সূচনা হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে শুরু হওয়া এই ট্রেনিংয়ে শিক্ষকদের নতুন পাঠ্যক্রম, প্রশ্নপত্রের পরিবর্তন এবং সার্বিক মূল্যায়নের নানা দিক সম্পর্কে বিশদ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রাজ্য সরকারের এই অভিনব পদক্ষেপে কেবল পঠনপাঠন নয়, বদল আসছে ছাত্রছাত্রীদের রিপোর্ট কার্ডেও। কোন ক্লাসে এই পদ্ধতি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, পঠনপাঠনের মান উন্নত করতে রাজ্যের সমস্ত স্কুলে দ্রুত ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষকদের এই বিশেষ প্রশিক্ষণের পরই রাজ্যের স্কুলগুলিতে প্রকৃত অর্থে শিক্ষার মান উন্নত হবে এবং পড়ুয়াদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে।