২০২৯-এর লক্ষ্যে বিজেপিতে রাম মাধবের ধামাকাদার প্রত্যাবর্তন!
বার্তা ডেস্কঃ
২০২৪-এর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ২০২৯-এর নির্বাচনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল আনল বিজেপি। এতে সবচেয়ে বড় চমক একদা আরএসএস প্রচারক রাম মাধবের ঐতিহাসিক প্রত্যাবর্তন। ২০১৪ সালে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হয়ে উত্তর-পূর্ব ভারত ও জম্মু-কাশ্মীরে দলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। বিশেষ করে আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গঠন এবং উপত্যকায় বিজেপি-পিডিপি জোটে তাঁর অবদান ছিল অপরিসীম। ২০২০ সালে দলীয় পদ থেকে অব্যাহতির পর সংঘে ফিরে গেলেও, দীর্ঘ ছ’বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপে ফের জাতীয় সহ-সভাপতি হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাম মাধব।
এই রদবদলে রাম মাধবের পাশাপাশি সুনীল বনসলের মতো সংঘ ঘনিষ্ঠ নেতাদের প্রভাব বহাল রেখে দল স্পষ্ট বার্তা দিল যে, কেবল একক জনপ্রিয়তার ওপর ভরসা না করে আরএসএস-এর সাংগঠনিক শক্তিকে পূর্ণ মাত্রায় কাজে লাগানোই তাদের মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা নয়, বরং আগামী লোকসভা ভোটের লড়াইয়ে নামার আগে বিজেপির অভ্যন্তরীণ সংগঠনকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ। রাম মাধবের এই অন্তর্ভুক্তি গেরুয়া শিবিরের নির্বাচনী কৌশলে নতুন গতি আনবে বলেই ধারণা করা হচ্ছে।