১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনায় আবেদন! ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার বড় আপডেট দিল সরকার
বার্তা ডেস্কঃ
রাজ্যে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের ৩ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার প্রক্রিয়া শুরু হতেই উৎকণ্ঠা বেড়েছে আবেদনকারীদের একাংশের মধ্যে। বিশেষ করে, যাঁরা ১০ জুলাইয়ের পর এই প্রকল্পে আবেদন করেছেন, তাঁদের অ্যাকাউন্টে এই দফায় টাকা পৌঁছায়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলিরই কেবল যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়েছিল। বর্তমানে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলাকে এই দফায় ভাতা দেওয়া হচ্ছে, অন্যদিকে নীতিগত ত্রুটির কারণে প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছে। যাচাইকরণ প্রক্রিয়া বাকি থাকায় পরবর্তী আবেদনকারীদের টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
এই পরিস্থিতিতে ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের জন্য আশার আলো দেখাল নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতর। দফতরের সচিব মৌমিতা গোদারা বসু স্পষ্ট জানিয়েছেন যে, আটকে থাকা আবেদনপত্রগুলির দ্রুত যাচাইকরণের কাজ জোরকদমে চলছে। সরকার চেষ্টা করছে যাতে যোগ্য কোনো মহিলাই এই সামাজিক সুরক্ষার আওতায় আসা থেকে বঞ্চিত না হন। যাচাইকরণ পর্ব সফলভাবে শেষ হলেই পরবর্তী অর্থপ্রদানের প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জুলাইয়ের পর জমা পড়া আবেদনকারীরা আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই তাঁদের বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।