বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য!
বার্তা ডেস্কঃ
কলকাতা / নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানিতে পিএফ অ্যাকাউন্টে দেওয়া টাকার উপর ‘লক-ইন পিরিয়ড’ নিয়ে তীব্র প্রশ্ন তুলল শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলাকালীন এই বিষয় উঠে আসে।
শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই ৬৫ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে এবং এতে প্রায় ৭৭০০ কোটি টাকা খরচ হয়েছে। তবে মামলাকারীর আইনজীবী করুণা নন্দী পাল্টা অভিযোগ তোলেন, প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা কর্মীরা এখনই তুলতে পারবেন না—কারণ সেখানে দুই বছরের একটি ‘লক-ইন পিরিয়ড’ চাপানো হয়েছে।
আইনজীবীর এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, “আদালতের রায়ে তো এমন কোনো শর্ত ছিল না, তবে এই ‘লক-ইন পিরিয়ড’ কোথা থেকে এল?” এর জবাবে তুষার মেহতা জানান, এই বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখে জানাতে তাঁর কিছুটা সময় প্রয়োজন।
ডিএ-র হার সম্পর্কিত সমস্যা মেটাতে রাজ্য জানায়, প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি পুরো বিষয়টি দেখছে। বেঞ্চের তরফে জানানো হয়, কমিটির সামনে কারা কর্মীদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন, তাঁদের একটি নামের তালিকা আদালতে জমা দিতে হবে। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং করুণা নন্দী জানান, শীঘ্রই প্রতিনিধিদের নাম চূড়ান্ত করে সুপ্রিম কোর্টকে জানানো হবে।
বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।