তারাপীঠে কড়া পদক্ষেপ, অগ্নিসুরক্ষায় গাফিলতির জেরে সিল ১৫টি লজ!

বার্তা ডেস্কঃ

তারাপীঠের একটি হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করল প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থায় মারাত্মক গাফিলতি এবং বৈধ ফায়ার সার্টিফিকেট না থাকায় রামপুরহাটের এসডিও (SDO) ১৫টি হোটেল ও গেস্ট হাউস সিল করার পাশাপাশি সেগুলির লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, একাধিকবার সতর্কবার্তা ও নোটিস পাঠানো সত্ত্বেও ওই হোটেল কর্তৃপক্ষ সুরক্ষা ব্যবস্থা উন্নত করেনি। ফলে বাধ্য হয়েই পর্যটকদের সুরক্ষার স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হওয়া লজগুলির মধ্যে রয়েছে— আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন।

প্রশাসনের এই আকস্মিক অভিযানে তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের মধ্যে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই আসন্ন দিনে পর্যটন ব্যবসায় এর বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভবিষ্যতে সমস্ত লজ ও হোটেলের অগ্নিসুরক্ষা ব্যবস্থা আরও কড়াভাবে পরিদর্শন করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *