জাতিগত আদমশুমারি ভেস্তে দেওয়ার ছক! মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস

বার্তা ডেস্কঃ

জাতিগত আদমশুমারি (Caste Census) ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়াল প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার সুকৌশলে পুরো জাতিগত গণনার প্রক্রিয়াটিকেই বন্ধ বা বানচাল করতে চাইছে।

কংগ্রেসের যোগাযোগ বিষয়ক সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী এই ইস্যুতে বারবার নিজের অবস্থান বদল বা ‘ইউ-টার্ন’ নিচ্ছেন। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে কেন্দ্রের জমা দেওয়া একটি হলফনামা স্মরণ করিয়ে দিয়ে কংগ্রেস প্রশ্ন তোলে—তখন সরকার নিজেই জানিয়েছিল যে ২০১১ সালের আদমশুমারির আগে নির্দিষ্ট জাতি তালিকা ছিল না এবং একটি সঠিক ‘ড্রপ-ডাউন মেনু’ থাকলে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ সম্ভব হতো। কংগ্রেসের প্রশ্ন, সরকার আগে যে ব্যবস্থার কার্যকারিতা মেনে নিয়েছিল, তা আসন্ন আদমশুমারির ফর্মে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও গত বছরের মে মাসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে একই প্রস্তাব দিয়েছিলেন। তেলেঙ্গানা ও বিহারের মতো রাজ্যগুলো জাতিগত সমীক্ষায় এমন কারিগরি প্রস্তুতি নিতে পারলে কেন্দ্র কেন তা করছে না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া প্রমান করে যে কেন্দ্র সরকার নিরপেক্ষ জাতিগত গণনা এড়াতে চাইছে। এই বিতর্ক আগামীতে রাজনৈতিক ময়দানে আরও উত্তাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *