ফাঁসির দণ্ড কি শেষ? সুপ্রিম কোর্টের রায়ে নতুন জল্পনা!

বার্তা ডেস্কঃ

ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার প্রচলিত নিয়মই বহাল রাখল সুপ্রিম কোর্ট। গলায় দড়ির বদলে বিষাক্ত ইনজেকশন, মাথায় গুলি করা, বৈদ্যুতিক চেয়ার বা গ্যাস চেম্বারের মতো কম যন্ত্রণাদায়ক ও আধুনিক পদ্ধতি ব্যবহারের আর্জি জানিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।

২০১৭ সালে আইনজীবী ঋষি মালহোত্রা এই মামলাটি দায়ের করে দাবি জানিয়েছিলেন যে, বিদ্যমান ফাঁসির প্রক্রিয়াটি অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অপরাধীরও মর্যাদাপূর্ণ মৃত্যুর অধিকার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে শীর্ষ আদালত জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় ফাঁসি দেওয়ার বিধানই বজায় থাকবে এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর মতো পর্যাপ্ত যুক্তি নেই।

প্রশাসনিক দিক থেকে এই বিকল্প পদ্ধতির ব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেলও আসাম্মতি প্রকাশ করেছিলেন। তবে আবেদন খারিজ করলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভবিষ্যতে যদি চিকিৎসাবিজ্ঞান বা প্রযুক্তির নতুন কোনো অকাট্য তথ্য সামনে আসে, তবে কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের বিশেষ কমিটি গঠন করে মৃত্যুদণ্ডের বিকল্প পদ্ধতি খতিয়ে দেখতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *