চাকরিপ্রার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, উত্তপ্ত বিহারে ঘেরাও শিক্ষামন্ত্রীর বাড়ি!
বার্তা ডেস্কঃ
যন্তর মন্তর ও ঝাড়খণ্ডের পর এবার শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ের পরীক্ষা বা TRE-4 দ্রুত আয়োজনের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিহার। মঙ্গলবার পটনার গর্দানিবাগে বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে চরম আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি না এলে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও এবং তাঁর পদত্যাগের হুঙ্কার দিয়েছেন তাঁরা। তিন দিনের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, BPSC TRE-4 পরীক্ষা এক ধাপে সম্পন্ন করতে হবে এবং নিয়োগে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সহকারী অধ্যাপক নিয়োগের নতুন নিয়ম এবং রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার অসঙ্গতি দূর করার দাবিও তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই পনেরো দিন ধরে আমরণ অনশনে রয়েছেন এক আন্দোলনকারী। ছাত্রনেতাদের অভিযোগ, প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা হলেও কোনো সন্তোষজনক সমাধান মেলেনি। ঝাড়খণ্ডের আন্দোলনের জেরে পরিস্থিতি জটিল আকার ধারণ করার আগেই রাজ্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ করার জোরালো আর্জি জানিয়েছেন তাঁরা।