মৃত্যুদণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়, ফাঁসি নাকি প্রাণঘাতী ইনজেকশন?

বার্তা ডেস্কঃ

ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের প্রচলিত পদ্ধতি হিসেবে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার নিয়মই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। বিষাক্ত ইনজেকশন বা অন্য কোনো কম যন্ত্রণাদায়ক উপায়ে মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি জানিয়ে দায়ের করা দীর্ঘদিনের একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় ফাঁসি দেওয়ার যে বিধান রয়েছে, তা এখনই পরিবর্তনের কোনো আইনি যুক্তি নেই। ২০১৭ সালে আইনজীবী ঋষি মালহোত্রার দায়ের করা ওই মামলায় বর্তমান ফাঁসির প্রক্রিয়াটিকে নিষ্ঠুর ও অমানবিক বলে দাবি করা হয়েছিল।

তবে আবেদন খারিজ করলেও পরিবর্তনের দরজা পুরোপুরি বন্ধ করেনি শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি চিকিৎসাবিজ্ঞান বা বৈজ্ঞানিক কোনো নতুন ও অকাট্য তথ্য সামনে আসে, তবে মৃত্যুদণ্ডের বিকল্প পদ্ধতি পর্যালোচনার পূর্ণ স্বাধীনতা কেন্দ্রীয় সরকারের রয়েছে। কেন্দ্র চাইলে বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে পারে। এর আগে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানিয়েছিলেন যে ইনজেকশন বা বিকল্প পদ্ধতি বেছে নেওয়ার বিষয়টি প্রশাসনিকভাবে জটিল, যার পরিপ্রেক্ষিতেই এই রায় দিল আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *