ডিমের ভয়ে বন্দুক খুঁজছেন কীর্তি আজাদ! তোপ দাগলেন দিলীপ ঘোষ
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে দীর্ঘ চব্বিশ দিন ধরে চলা জেন-জি ছাত্র আন্দোলনের জেরে অবশেষে পরীক্ষার্থীদের সমস্ত দাবি মেনে নিতে বাধ্য হয়েছে হেমন্ত সোরেন সরকার। এই আন্দোলনের সাফল্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ ঝাড়খণ্ড সরকারের দীর্ঘসূত্রিতার তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, দিল্লি আন্দোলনের মতো শুরুতেই কেন আলোচনা করা হলো না? পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকা নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়ে তিনি বলেন, কেবল চিঠি না পাঠিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল।
অন্যদিকে, নিরাপত্তার কারণে কীর্তি আজাদের রিভলবার বা বন্দুক চাওয়ার দাবিকে উড়িয়ে দিয়ে একহাত নেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, ডিমের ভয়ে দীর্ঘ তিন-চার মাস ধরে নিজের নির্বাচনী কেন্দ্র বর্ধমানে যাননি তিনি, অথচ অস্ত্র পাওয়ার দাবি তুলছেন। বাংলার মানুষকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো যায় না উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, এখানকার গ্রামে গ্রামে মানুষ সাহসী, তাই অবান্তর কথা না বলে পরিস্থিতি সামলানো উচিত।