মসজিদ থেকে কি জোর করে খোলা হচ্ছে মাইক? হাইকোর্টের রায়ে এল বড় ধাক্কা!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মৌখিক নির্দেশে লাউডস্পিকার বা মাইক খোলার অভিযোগ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। মামলাকারীর দাবি ছিল, পুলিশি মৌখিক নির্দেশে জোর করে প্রায় চার হাজার মসজিদ থেকে মাইক অপসারণ করা হয়েছে। তবে পর্যাপ্ত তথ্যের অভাব এবং সংবাদপত্রের খবরের ওপর ভিত্তি করে মামলাটি করার কারণে আদালত তা গ্রহণ করেনি। পাশাপাশি, যে মসজিদগুলি থেকে মাইক খোলার অভিযোগ উঠেছে, সেগুলি মামলায় যুক্ত না থাকায় তাদের প্রকৃত অবস্থানও স্পষ্ট হয়নি।
শুনানির সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান যে এ ধরনের কোনো মৌখিক নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি। অন্যদিকে, মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালত স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে আজান পরিচালনা করা যাবে এবং পুলিশ কোনো অনৈতিক বা মৌখিক নির্দেশ দেবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।