নিম্নচাপ সরলেও স্বস্তি নেই দক্ষিণবঙ্গে, বাঁধের জল নিয়ে বাড়ছে আতঙ্ক!
বার্তা ডেস্কঃ
গভীর নিম্নচাপটি মঙ্গলবার ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু দুর্যোগের মেঘ পুরোপুরি কাটেনি। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডের দামোদর অববাহিকা এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ডিভিসির মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে, যা দক্ষিণবঙ্গের দামোদরসহ সংশ্লিষ্ট নদ-নদীর জলস্তর বাড়িয়ে বন্যার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিগত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান ও বীরভূমের বিভিন্ন প্রান্তে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যেখানে বার্নপুরে ২২০ মিলিমিটার ও আসানসোলে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্বস্তির রেশ কাটতে না কাটতেই আগামী সপ্তাহের শুরুতে উত্তর বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৩ ও ২৪ আগস্ট উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের নদী তীরবর্তী এলাকাগুলিতে এখন থেকেই বাড়তি সতর্কতার প্রয়োজন।